Showing posts with label sister. Show all posts
Showing posts with label sister. Show all posts

Monday, 21 May 2018

মিষ্টু



একটা না, ভারী মিষ্টি মেয়ে ছিল তার নাম ছিল মিষ্টু

তার মিষ্টি মুখে মিষ্টি হাসি ছিলো, মাথায় কোঁকড় কোঁকড় চুল ছিলো এক থোপা, চশমার আড়ালে ঝকঝকে দুটো খুশি-খুশি চোখও ছিল

আর ছিলো এই এত্তখানি রাগ গাল ফুলোনো, নাক দিয়ে ধোঁওয়া, কান দিয়ে আগুন বেরোনোর মত এক্কেবারে ফ্রেশ, চনমনে রাগ সে রাগের সামনে তার মা বেচারী কাঁচুমাচু, আর টুপমাসি পার্মানেন্ট আড়ি খেয়ে কুপোকাৎ!

কেন? ওমা, রাগ হবে না! তার টুপমাসি যে বেহদ্দ জেলিফিশ! তাকে গল্প লিখবে প্রমিস করে বেমালুম ভুলে তো গেছেই, আবার বলছে নাকি কী কী হয়েছিল সেদিন সেটাও ভুলে মেরে দিয়েছে! এরকম বেয়াক্কেলে মাসিমণিকে নিয়ে কী করা যায় তোমরাই বলো! মিষ্টু কি যে সে নাকি, মিষ্টু হল তিতিরপাখির গল্পের সবচেয়ে ছোট পাঠক যে কিনা আবার কমেন্টও করে! আর প্রমিস ইজ প্রমিস! যারা প্রমিস করে এরকম ভুলে যায় তাদের নাকে যেন বারোমেসে সর্দি হয়!

তো সেদিন কী হয়েছিল জানো?

সেদিন মিষ্টু না, তার মায়ের সঙ্গে গেছিল তিতিরপাখির সঙ্গে দেখা করতে দুখানা কাছাকাছি সাইজের টর্ণেডো একসাথে ছেড়ে দিয়ে দেখেছো কী হয়? মিষ্টুর মা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছে তার এমনিতে লক্ষ্মী শান্ত বুঝদার কন্যা, যোগ্য চ্যালার হাতে পড়লে মা কী ছিলেন আর মা কী হইয়াছেন গোছের ব্যাপারস্যাপার হয়ে যেতে পারে

প্রথমে ডল হাউস নেমে পড়ল এইটে তিতিরের মা সদ্য তিতিরকে কিনে দিয়েছে, তাই এখনো মোটের ওপর আস্ত আছে ব্যাপারটা খানিক পরেই দেখা গেলো, অ্যালিস যেমন সেই চাবির ফুটো দিয়ে একচোখে উঁকি মারছিল, এরা দুটোতে সেরকম মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ে, ডলহাউসের ফার্নিচার সেট করছে না বাপু, কমোডটা কে বসিয়েছে আমি দেখতে যাইনি – যেই হোক সে যে তারপর হাত ধোয়নি এটা নিয্যশ বলতে পারি

তারপর, প্লে ডো বের হ এটা মিষ্টু নিয়ে এসেছিল বোনুর জন্য কত রকম রং! তা দিয়ে একটা ইয়া লম্বা সারা ঘর পাক খেয়ে খেয়ে বানানো ল্যাজ তৈরী হ না মোটেই আমার নয় ও নির্ঘাৎ মিষ্টুর মায়ের হবে, সেই মাঝখানে থেবড়ে বসে ছিল কিনা!

তারপর কত কিছু যে বানানো চলল প্লে ডো দিয়ে! হাঁস, শজারু, ত্যারাব্যাঁকা কুমির, প্রজাপতি, হ্যান ত্যান প্যান তার কিছু কিছু মিষ্টুর মায়ের মুখে আটকে আটকে তাকে সাজগোজকরানোও হ তারপর বড়রা একটু নিজ নিজ কাজে মনোনিবেশ করেছে, ওমা হঠাৎ হুলুস্থূলু!

আমার ডাক কই গেলো!”

তিতির হলুদ প্লে ডো দিয়ে হাঁসের ছানা বানিয়েছিল সে আপন খেয়ালে কখন কোথায় ভেসে গেছে কিন্তু তা বললে কি আর সে শোনে! বালিশ সরিয়ে, খাটের নীচে উঁকি মেরে, মিষ্টুর বগলে - কোথাও খুঁজে না পেয়ে সে মিষ্টুর মা বেচারীকে খপ করে ধরল,

তুমি আমার ডাক এর ওপর বসে পড়েছো!”

বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার পাৎলুনের তলায় হাত দিয়ে উত্তোলন প্রচেষ্টা শুরু করে দিল তাও আবার এক হাতে!

তা, মিষ্টূর মা কিনা আড়েবহরে তিতিরের মাম্মার চেয়ে সামান্যই কম, আর তিতিরও গোবর গণেশ, ভীম ভবানী এসব কিছু তো নয় তাই হাজার টানাটানি করেও পাৎলুনের একটা অংশ ছাড়া কিছুই তোলা গেলো না বিরসবদনে তিতির তখন আন্টির ওড়নাটা খুলে নিয়ে মন দিয়ে একটা পাগগিবানাতে বসে গেলো

তারপর আরো কত কিছু যে হল সে আমরা বড়োরা ভুলে মেরে দিয়েছি মানে ঘরের মধ্যে অত তাঝঝিম মাঝঝিম চললে কি আর মনে রাখা যায়! খালি মনে পড়ছে মিষ্টু একবার তিতিরকে পিঠে ঘোড়া হয়ে বসতে বলেছিল বলামাত্র তিতির যে হালুম করে লাফিয়ে বসে পড়বে সেটা বোধহয় সে ভাবেনি খানিক পরে খুব মিহি গলায় দেখি বলছে, “যা ভেবেছিলুম, এ যে তার চেয়ে বেশি ভারি!”

তারপর আরো আরো আরো খেলা হ আলুচ্চপ খাওয়া হ, যদিও কলকাতার আলুচ্চপ নাকি বোম্বের চেয়ে বাজে (হে ঈশ্বর, কোনদিন বলবে বড়াপ্পাও পৃথিবীর  সেরা খাবার!) আরো কী কী সব গোপন গল্প হল দুজনের সেসব আবার আমাদের মানে বড়োদের শুনতে মানা না শুনে কী করে গল্প লিখব জিগ্যেস করব ভেবেছিলুম, কিন্তু কেউই কিনা আমাদের পাত্তা দিচ্ছিল না তাই আমরাও ওদের পাত্তা দিইনি

যাবার সময়ে বেশ একটু মন খারাপ হচ্ছিল দু পক্ষেরই বেশ কান্নাকাটি করার মত মন খারাপ

কিন্তু সবচেয়ে বিপত্তি হয়েছিল মিষ্টুর মায়ের দুই কন্যার আবদারে, তাকে ঐ পাগগিটা মাথায় দিয়েই সারা পাড়ার চোখের সামনে বাড়ি থেকে বেরোতে হয়েছিল কিনা!




Sunday, 22 January 2017

কথাবার্তা


একটি শিশুকে দেখতে চলেছি আমি আর তিতির। আমার সহপাঠী বন্ধুর খোকা্‌, সে ছেলের জন্ম হয় যখন তখন আমরা দেশের বাইরে ছিলুম। তাপ্পর গত কয়েক মাস ধরে যাচ্ছি যাব করে করে এদ্দিনে হয়ে উঠল। একা নই, সঙ্গে আরেক সহপাঠী ও তার গিন্নী। এই আঙ্কল আন্টি তিতিরের বড় প্রিয়, কারণ ওর সব উৎপাত ওরা শুধু হাসিমুখে সহ্যই করে না, রীতিমত উৎসাহ দেয় উলটে। তবে তিতির কিনা তিতির, তাই গাড়ি ছাড়তে না ছাড়তেই আন্টিকে একটা ঝটকা দিয়ে দিল।


আন্টি বড়ই ভালমানুষ, সে শুধু বলতে গেছিল, “তোমার ওখানে একটা বন্ধু হবে, বেশ খেলা করতে পারবে...”

“কে গো? কে গো মা?”

“ওই যে, আমরা যাকে দেখতে যাচ্ছি!”

“ দ্যূৎ! ওটা তো বেবি!”

তারপর আন্টির দিকে ফিরে পরম গম্ভীরভাবে, “আমি ফাইব ঈঈর্স হয়ে গেছি, জানো না?”

-----

বোম্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাত্রা। প্রতিবার এমন জার্নি করলেই মনে হয় শরীরে এত হাড়গোড় কেন যে আছে! তিতির যথারীতি মাথা খেয়ে ফেলছে “আর কদ্দূর” করে করে। অগত্যা অক্ষর দিয়ে শব্দ বলার খেলা খেলতে শুরু করি।

“পা” – তিতির বলে।

“পাহাড়” – আন্টি জোড়ে।

“পাতাল” – আমার ফোড়ন। প্রবেশের ইচ্ছাসহ।

“পাপোশ” – সামনের সীট থেকে আঙ্কল।

এইভাবে ‘পাখি’, ‘পালকি’, ‘পাথর’ করে করে পা-এর সম্ভার ফুরিয়ে যায়। আঙ্কল এবার নতুন অক্ষর দেয় – ‘কি’।

কিছুই মনে পড়ছে না যে! ও হ্যাঁ, ‘কিছু’!

“কি! চাবি!” – তিতিরের দাবি।

না তিতির, ওটা ইংলিশ। বাংলা বল।

“কিলবিল” – আন্টি এতক্ষণ ভেবে বার করে।

বলামাত্র তিতির এইসা কিলবিল করার ডেমো দিতে থাকে যে আমার হাত থেকে চশমার খাপ, আন্টির হাত থেকে জলের বোতল এবং তিতিরের পা থেকে জুতো খসে পড়ে যায়।

কিন্তু আর যে কিছু মনে পড়ছে না আমার, ‘কিষাণ বিকাশ পত্র’ ছাড়া!

আঙ্কল সামনে থেকে বলে ‘কিষ্কিন্ধ্যা’।

তিতিরকে বোঝাতে হয় সেটা কি। রামায়ণ দেখা, তাই অসুবিধে হয় না। ওদিকে আঙ্কল মুডে এসে গেছে। এবার বলে, “কিচক!”

এটা আমি প্রতিবাদ করতে বাধ্য হই। “ক এ ঈ তো সেটা। হবে না!”

আঙ্কল অদম্য। বলে, “কিংকর্তব্যবিমূঢ়!”

এমন শব্দাঘাতে কিনা জানি না, তিতির এর পর ঘুমিয়ে পড়ে। আরো কতক্ষণ ধরে গাড়ির স্রোত পেরিয়ে, সিগনালে গোঁত্তা খেয়ে খেয়ে, জি পি এসের চক্করে চক্কর কেটে অবশেষে গিয়ে পৌঁছই।

-----

আহা কি মিষ্টি বেবি গো! কিন্তু তাকে নিয়ে বেশিক্ষণ খেলতে পারলুম না, আমার বেবিটির ক্ষুধার উদ্রেক হইয়াছে। ভাতের থালা নিয়ে বসে পড়ি।

বসে একটু বেকায়দায় পড়ি। যাই দেখাই মেয়ে ডুগডুগ করে মাথা নেড়ে বলে ‘এটা খাব না’।

ওদিক থেকে বন্ধুর প্রস্তাব – “ও না খেতে চাইলে আমায় বলিস।”

তোকে? মানে তুই খাইয়ে দিবি? এত খুশি বহুকাল হইনি। রীতিমত কৃতজ্ঞ বোধ করতে থাকি।

“ও যা যা না খাবে আমি খেয়ে নেব।”

অ্যাঁ!!! ধুত্তোর...বাজে বদ রেকারিং ডেসিমেল কোথাকার!

এমনকি তিতিরও ফ্যাক ফ্যাক করে হেসে ফ্যালে আঙ্কলের কথা শুনে।

----------

আরো দুই খুকি আসে অভ্যাগত হয়ে। একজন তিতিরের চেয়ে একটু বড়, অন্যজন একটু ছোট। ভাব হতে বেশি সময় লাগে না। তিতির অলরেডি একটা পিঙ্ক ডলফিন সফট টয় জোগাড় করে ফেলেছিল এসেই, দ্বিতীয়া দেখি একটা রাবারের ফোলানো মাছ পেয়েছে কুড়িয়ে। দুজনে সে দুটো ঠেকিয়ে “পিঙ্ক পিঙ্ক ম্যাচিং ম্যাচিং” করছে দেখে আমি, সরল, নিরীহ, দরদী হৃদয়ে তৃতীয়াকে বলতে গেলুম, “তোমার জামাটা তো পিঙ্ক, ম্যাচিং ম্যাচিং!”

তিনি অবিকল তিতিরের মত ভ্রূ কুঁচকে আমায় ধমকে দিলেন, “পিঙ্ক নয়, পীচ।”

অসীম লজ্জায় পড়ে যাই। এই ধেড়ে বয়েসেও এসব বর্ণবিচার করতে পারি না, কি হবে বল দিকি আমার!

ওদিকে তিতির জিগ্যেস করতে থাকে, পানের পিচ কি এমন রং এর হয়, কারণ রাস্তার পিচ তো কালো মানে ব্ল্যাক! হাসি টাসি চেপে বোঝাই যে এটা সেসব নয়, এমনকি আঙ্কলরা যা নিয়ে এত চিন্তিত সেই ক্রিকেট মাঠের পিচও না, এটা একটা ফলবিশেষ। তাতে বিশেষ হুকুম হয় যে শিগগির যেন সেটা এনে দেখাই।

---------

তিনকন্যার তুমুল হট্টরোলে বেবির গেল ঘুম ভেঙ্গে।অমনি খুদে দিদিদের দাবি, তারা বেবিকে কোলে করবে। তাদের খাটের ওপর সেট করে, অনভ্যস্ত কোলে বেবিকে দিয়ে কটা ছবি তোলা হয় – তিন ত্রস্ত মা আশেপাশে ফিল্ডারের ভঙ্গীতে দাঁড়িয়ে থাকে।


যেই না ছবি তোলা শেষ হয়েছে, তিতির দেখি বাকি দুজনের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, “চল এবার আমরা কথাবার্তা বলি।”

---------------

কি কথাবার্তা হয় সারাদিন ধরে জানি না। মাঝে মাঝে ঝড়ের মত তিনজন বেরিয়ে আসে, আমাদের সোফার চারদিকে বোঁ বোঁ করে ঘুরপাক খায়, তারস্বরে হাসে, মিছিমিছি টুপি খুলে আমাদের ‘বাও’ করে, আবার ঘরে ঢুকে সেই মিস্টিরিয়াস ‘কথাবার্তা’ বলতে লেগে যায়।

সে কথাবার্তার কিছু নমুনা পাই বিকেলে, তিতিরের চুল বাঁধতে বসে। আমি খাটে থেবড়ে বসেছি (আমার যা নধরকান্তি তনু, ধেবড়ে বসেছি বললেই হয়তো বেটার হয়।) আমার সামনে তিতির বাবু হয়ে, পিঠ ফিরিয়ে, আর তার সামনে তার নতুন বান্ধবী, সেও পরিপাটি বাবু, আমাদের দিকে ফিরে। কেশচর্চা করতে করতে শুনে যাই,

“আমার ডলফিন আছে।”

“আমারও আছে।”

“আমার এলিফ্যান্ট আছে।”

“আমারও আছে।”

“আমার দুটো আছে।”

“আমার তিনটে...না, চারটে আছে।”

এতগুলো ঢপ, এই আশায় বান্ধবী আমার দিকে সসংশয়ে তাকায়। তিতিরও আধখানা ঘুরে যুদ্ধং দেহি ঢং এ তাকায় (চুলের গোড়া আমার হাতে তাই পুরো ঘুরতে পারে না।) তাল মিলিয়ে বিনুনি সামলাতে গিয়ে ডি এন এর মত পেঁচিয়ে যাওয়া অবস্থায়  বলতে বাধ্য হই যে সত্যিই চারটে আছে বটে।

“আমার এলিফ্যান্টগুলো তোরগুলোর চেয়ে অনেক বড় বড়!”

“বড় না।”

“বড়!!!”

“আমার খাসনবীশ আছে!”

“কি?”

“খাসনবীশ”

(আমি প্রাণপণে হাসি চাপছি)

“কিইই??”

“খাসনবীশ। ভ্যাবাচ্যাকা খাসনবীশ।”

(পুরো মাই নেম ইজ বন্ড। জেমস বন্ড।)

বালিকা নিজেই ভ্যাবাচ্যাকা হয়ে আমার দিকে আকুল চোখে তাকায়। বুঝিয়ে বলি যে তিতিরের একটা হাসিমুখো কাপড়ের পুতুল আছে, তার নাম ভ্যাবাচ্যাকা খাসনবীশ।

ও বাবা, এ খুকু দেখি অপ্রতিরোধ্য! বুঝে নিয়েই বলে বসে,

“আমারও আছে।”

“হতেই পারে না! তোর নেই!”

“আছে! আমারও অমন ডল আছে। আমি আজ গিয়েই তার নাম ভ্যাবাচ্যাকা খাসনবীশ করে দেব।”

বোঝো!

মনে পড়ল কিছুকাল আগে, একটি কচি বছর দেড়ের স্বল্পভাষী কন্যা বেড়াতে এসে তিতিরের খেলনাসমূহ দেখে গেছিল। খাসনবীশ কেও। তার কিছুদিন পর তার মা মেসেজ করে জানালেন সে তিনি একটি নতুন ডল প্রাপ্ত হইয়াছেন, এবং পাওয়ামাত্র নির্দ্বিধায় নাম ঘোষণা করেছেন, “ভ্যাবাচ্যাকা!” এই রেটে চললে, অচিরাৎ সব চেনাজানা শিশুর বাড়িতে এক পীস করে ভ্যাবাচ্যাকা খাসনবীশ অধিষ্ঠান করবে, যা দেখছি!

এদিকে তিতিরের চোখের জল প্রায় গড়িয়ে পড়ে আর কি! আঁই আঁই করে নালিশ করে যাচ্ছে ভ্যাবাচ্যাকার ওপর এরকম আগ্রাসনের বিরুদ্ধে। ওদিকে আমি সবে একখানা বিনুনি শেষ করে অন্যদিকেরটা পেঁচাতে শুরু করেছি, এখন স্থিরমাথায় বসিয়ে রাখতে না পারলে চিত্তির! সুতরাং কথা ঘুরিয়ে দিই।

“জানিস তো, আমাদের বাড়ির পাশে না, একটা আমগাছ আছে।”

“আমাদেরও আছে।”

ভারি খুশি হই। এমন লড়াকু ছানা আমার ভারি পছন্দ। কিন্তু তিতির ফুঁসে ওঠে,

“তাতে কাঠবিড়ালি আছে।”

প্রতিপক্ষ একটু মিইয়ে যায়। তিতির তাতে আরো উৎসাহিত হয়ে ওঠে,

“কাঠবিড়ালি আছে, মাংকি আছে, টিয়াপাখি আছে।”

“সত্যিকারের টিয়াপাখি?”

“হ্যাঁ তো! অনেক আছে। ট্যাঁ ট্যাঁ করে ডাকে না?”

শান্তিস্থাপনার সুযোগ পাওয়া গেছে, ছাড়ি!

“তিতির বন্ধুকে বল আমাদের বাড়ি আসতে? টিয়াপাখি দেখবে?”

তিতির ভারি খুশি হয়ে ‘নেওতন্ন’ করে ফ্যালে। সে বালিকা ততোধিক খুশি হয়ে সে ‘নেওতন্ন’ গ্রহণ করে ফ্যালে। আহ্লাদে গলে জল হয়ে দুজনে দুজনের হাত জড়িয়ে ধরে বসে থাকে, কে বলবে এইমাত্র শিং এ শিং ভেড়ার লড়াই হচ্ছিল! আমি সেই ফাঁকে শিং এর, মানে বিনুনির বাকিটুকু শেষ করে, দুদিকে দুটো ক্লিপ আটকে স্যাট করে পালাই।

পাগল! আর উলুখাগড়া হবার রিস্ক নিতে আছে, এক্ষুণি ‘কথাবার্তা’ শুরু হল বলে আবার!