Showing posts with label Durga. Show all posts
Showing posts with label Durga. Show all posts

Friday, 23 November 2018

শার্ক

হাতে দুধের গ্লাস, গোঁফে সূক্ষ্ম সরের প্রলেপ। বিনুনি বাঁধা ডুগডুগ করে নড়া মুণ্ডুটাকে দেখে ভারি মজা লাগছিল। পঞ্চম চুমুকটা দিয়ে গ্লাস রেখেই সুর খেলিয়ে বায়না ভেসে এল, “মা, মঈশাসুর বলো।“
অগত্যা, তাই বলি।
---
মঈশাসুরের খুব ইচ্ছে হয়েছিল একটা “শাক্‌” পুষবে। লালশাক কি নটেশাক নয় গো, ওই যে জলে থাকে, পিঠে তিনকোনা পাখনা, সেইটে! শাআআআআররররররর্ক্কক্কক্কক্‌!
এদিকে দুগগা মা তো বলে দিয়েছে ‘কভ্‌ভি নেহি!” মঈশাসুরটা তো দুষ্টু, করেছে কী, নিজে নিজে লুকিয়ে লুকিয়ে একটা বেবি শার্ক নিয়ে এসেছে...
[পাঁচ মিনিটের বিরতি। ‘বেবি শার্ক টুট্‌ টু টুট্‌ টু টু’ গেয়ে ট্যুইস্ট নাচার জন্য। যারা ছানা নিয়ে এ গান একবারও শুনেছেন তারা বুঝবেন এর মাহাত্ম্য!]
তো, মঈশাসুর তো সেই শার্ক এনে চানের বালতিতে লুকিয়ে রেখেছে। খুব মজা, ‘শাক্‌’ পুষেছে। কিন্তু হল কী...
[এইখানে আবার দুধ ফিনিশ করার বিরতি। মানে বিরতি না দিলে দুধ যেমন কে তেমন পড়ে থাকছিল কিনা।]
শার্কটা ছিল মহাশার্ক প্রজাতির। পরদিন ঘুম থেকে উঠে মঈশাসুর দেখে সে এইটুকু এক বিঘৎ থেকে এক রাত্তিরেই বেড়ে বালতি ভরে ফেলেছে। তারপর দাঁত টাত মেজে দুধ খেয়ে এসে ঘরে ঢুকেই তো ‘আঁই আঁই আঁই’ চীৎকার করে উঠেছে।
শার্ক লম্ফ মেরে বালতি থেকে বেরিয়ে সারা ঘরে কিলবিল করে বেড়াচ্ছে। মঈশাসুরকে দেখেই সে লক্ষ কোটি ধারালো দাঁত বাগিয়ে তেড়ে এসেছে।
আর যায় কই! মঈশাসুর তো ‘বাঁচাও বাঁচাও’ করে সারা বাড়ি দৌড়চ্ছে! তার পিছু পিছু ল্যাজে নেচে নেচে চলেছে সেই বেবি শার্ক! ‘টুট্‌ টু টুট্‌ টু টু’ গান গাইছিল কিনা জানি না, কিন্তু সে সরস্বতী আর গণেশের পড়ার টেবিলে ল্যাজ বুলিয়ে সব বইখাতা ফেলে দিয়েছে, কার্তিকের ফুটবল নাকে করে নাচাতে গিয়ে জানলার বাইরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ্মীর নতুন জুতোর ওপর দিয়ে ঘষে গিয়ে সেটা থ্যাবড়া করে দিয়েছে, আর রান্নাঘরে মুখ বাড়িয়ে দুগগামাকে অ্যায়সা মেছো ভেংচি কেটেছে যে আঁতকে উঠে দুগগামার হাত থেকে ফোড়নডালা পড়ে গিয়ে সারা ঘরে সরষে কালোজিরে গড়াগড়ি যাচ্ছে।
দুগগা মা তো খেপে আগুন! কে এসব বাড়িতে ঢুকিয়েছে অ্যাঁ?
দুগগা মার ওই রেগে কাঁই রূপে হাতা খুন্তি নিয়ে তেড়ে আসা দেখেই তো শার্কের হয়ে গেছে! সে এদিক দেখে ওদিকে দেখে, দেখে কি জানলার বাইরেই একটা বড় ঝিল। অমনি শার্ক জানলা পেরিয়ে সোজা সেই ঝিলের নিচে। আর মঈশাসুর দশ হাতের কানমলা আর পিঠে গুমগাম কিল খেয়ে চোখ মুছতে মুছতে নিজের ঘরে।
---
ওহে, পড়াশুনোটা করো এবার? গালে হাত দিয়ে বসে বসে কী ভাবছ?
এঁ, মা, আট্টু বলবে? ওই শার্কটার তাপ্পর কী হল?
আচ্ছা আগে অঙ্কগুলো হয়ে যাক, এক পাতা হাতের লেখা হোক, একটু বাংলা পড়া হোক।
তারপরে মাতাকন্যার ‘ঘন্টাখানেক সঙ্গে হোমটাস্ক’জনিত প্রবল পরিশ্রমের কথা উহ্য থাকুক। ততক্ষণ শার্কটা খেয়ে দেয়ে আরো মোটা হোক, আরো বড় হোক, আরো পাজি হোক।
আবার তার সঙ্গে দেখা হয় স্নান খাওয়া সেরে দুপুরে শুতে এসে। মায়ের কোলের কাছে ভিজে চুল এলানো কচি মুণ্ডু ঢুকে পড়ে, মিহি মিহি গলায় আবার বায়না ওঠে, “মা? গপ্পো? শার্ক?”
---
একদিন না, দেখা গেল, দুজন লোক সেই ঝিলের ধারে পা টিপে টিপে যাচ্ছে। একটা ছোট সাইজের, বিনুনি বাঁধা, অন্যজন বড়, সালোয়ার কামিজ পরা। বড়জনের হাতে একটা ছিপ।
[একজনের উত্তেজিত হয়ে উঠে বসা ও অন্যজনের তাকে আবার ভুলিয়ে ভালিয়ে শোওয়ানোর বিরতি।]
তারপর তো তারা গুছিয়ে বসেছে ঝিলের ধারে। বগা পুলিশ টুলিশ কেউ নেই দেখে নিয়েছে। ছিপ ফেলেছে।
আর ফেলতে না ফেলতে ছিপে টান!
তুলে দেখে কী...
‘মাছ? মাছ? মা, মাছ?”
একটা ছেঁড়া জুতো। গার্ড আঙ্কলদের কারো। বিচ্ছিরি দেখতে, মুখ হাঁ।
[হাসির বিরতি।]
তারপর আবার ছিপ ফেলেছে। খানিক পরে আবার ঠুকরেছে। অমনি তো মা এক টান। আর দেখে কী...
“এবার মাছ? মা চিংড়ি মাছ?”
দেখে কী একগাদা শ্যাওলা আর ঝাঁঝি। সে কী বদ গন্ধ সেগুলোয় তোকে কী বলব!
[‘ইশ্‌ ইশ্‌’ করে প্রবল হাসির বিরতি।]
যা থাকে কপালে, বার বার তিনবার এসব বলে টলে তো আবার ছিপ ফেলেছে। তা এবারও খানিক পরে ফাতনা নড়ছে।
‘কী গো? মাছ, না এবার?”
হেঁইও হেঁইও করে টেনে তুলে দেখে একটা ফুটিফাটা ছেঁড়া তেরপল। কে কবে ফেলে গেছিল কে জানে।
[এখনো মাছ না পাওয়ায় গোঁসা ও গোঁসাভঙ্গের বিরতি।]
তারপর হল কী , সেই শার্কটা জল থেকে মুখ বাড়িয়ে বলল, রাগ কোরো না তিতিরপাখি। আমি আসলে আজ আমার ঘরে সাফ করছিলুম তো, তাই যা যা জঞ্জাল ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি সব তোমার ছিপে আটকে গেছে।
কেন তুমি অমন করেছ? আমি কী করে মাছ ধরব তাহলে?
তাই তো! কিন্তু সাফ না করেই বা উপায় কী, লোকে এত এসব ফেলে দেয় জলের মধ্যে আমরা তো থাকতেই পারি না।
তারপর? তারপর তিতির শার্ককে ‘হেল্প’ করল এসব জিনিস ছিপ দিয়ে জল থেকে তুলে দিয়ে – জল একদম ‘পোষ্কার’ হয়ে গেল, আর শার্ক তিতিরকে ‘হেল্প’ করল রাশি রাশি মাছ ওর ছিপে গেঁথে দিয়ে।
---
রাশি রাশি মাছের মধ্যে কটা তেলাপিয়া আর কটা চিংড়ি সে হিসেব দিতে গিয়ে দেখি আরেকজন ঘুমের দেশে। ভারি মিষ্টি একগাল ‘বেবি শার্ক’ মার্ক হাসি মুখে নিয়েই।
‘টুট্‌ টু টুট্‌ টু টু’!


Thursday, 9 August 2018

মঈশাসুর-২

শোয়ামাত্র উঠে পড়তে হয়, সেই হাওয়া ভরা নাকে ঘুঁষি মারা পুতুলগুলোর মত। একটি সৌম্যদর্শন হলুদ খরগোশ হাতে গাজর নিয়ে শুয়ে আছেন আমার বালিশে। খরগোশ সরিয়ে, বালিশ সরিয়ে, মেয়ের হাত সরিয়ে, শুতেই কানের কাছে বায়না।

"মঈশাসুর বলো!"

রোজ রাত্তিরে নতুন নতুন মইশাসুরের গল্প পাই কই বলুন দিকি। না বললে, ঘুমোতেও দেবে না। অগত্যা, যা আসে মাথায়...

“মঈশাসুরের না, কদিন ধরে দাঁতে ব্যথা। এঁ এঁ করে কান্নাকাটি করছে। দুগগামা তখন ঠিক করল দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।   

কোথায় যাবে? না সুশ্রুত ডাক্তারের চেম্বারে যাবে।“

"অ্যাঁ মা? কী বলছ? 'সুড়সুড়ি-তো' মানে?"

“না রে, সুশ্রুত। ওটা তোর মানিকমামার ভালো নাম।“

“সুশ-শুরু-তো? ইশ কী ভালো ভালোনাম। তুমি কেন এটা আমার নাম রাখোনি?

এই খেয়েছে।
“তা কেনশরণ্যাও তো কত সুন্দর...”

“না, আমি আজ থেকে সুশ্রুত হব। তুমি আমার নাম পালটে দাও।“    

সব্বোনাশ করেছে।
“ওরে ওটা ছেলেদের নাম হয়।  বয়। তুই তো গার্ল।“

কিছুক্ষণ চুপ করে থেকে মেনে নিল। গদাম করে পেটে পা তুলে দিয়ে বলল, তাপ্পর বলো।

“হ্যাঁ তো মানিকমামার কাছে যাওয়া যখন হবেই (ভয়ে আর ভাল নাম উচ্চারণ করি না), দুগগামা সবাইকেই নিয়ে চলল।“

“লক্ষী সয়োস্বোতী কাত্তিক গণেশ?

“হ্যাঁ রে সব্বাইকে সবার দাঁত দেখিয়ে আসবে চাই কি নিজেরটাও, আচ্ছা না থাকতো গেছে বুঝলি মানিকমামার চেম্বার হয়ে গেছে তখন ইয়া বড় সাদা কোট পরে ভারভারিক্কি মানিকমামা রুগী দেখছে এরা তো ঢুকে বসেছে আর মঈশাসুর দাঁতের ব্যথায় দুগগামার আঁচল এক হাতে চেপে ধরে মাটিতে গড়াগড়ি পুরো
তখন মানিকমামা বলছে, ওকেই আগে নিয়ে এসো দেখি

দুগগামা তো মঈশাসুরের কান ধরে উঠিয়ে নিয়ে গিয়ে রুগীর চেয়ারে বসিয়ে দিয়েছে মঈশাসুর জল কুলকুচি করেছে মানিকমামার কথামত হাঁ -ও করেছে

এ বাবা!! এর তো আদ্ধেক দাঁত পচে গেছে রে! নিশ্চয় খালি চটচটে চকলেট বুড়ির চুল চিনি এসব খায়!! নাহ, এর তো দাঁত তুলতে হবে, গর্ত ফিলিং করতে হবে অনেক কাজ!’

এই না বলে মানিকমামা যেই না ইঞ্জেকশন দিতে গেছে...”

“ইঞ্জেকশন!!!”

“ওমা নইলে দাঁত তুললে লাগবে না? আগে তো ইঞ্জেকশন  দিয়ে অসাড় করে নিতে হয় যাতে ব্যথা না লাগে

“বেশ হয়েছে! তাপ্পর মাম্মা?   

“তাপ্পর আর বলিস না, যেই না মানিকমামা ইঞ্জেকশন বাগিয়ে এসেছে, মঈশাসুর গাঁক করে চেঁচিয়ে হাত পা ছুঁড়ে লাফিয়ে সোজা পাশের আলমারির মাথায় চড়ে বসেছে! আর সে আলমারি এত উঁচু, কারো হাত যাচ্ছে না

দুগগা মা, মানিকমামা অনেক সেধেছে , খেলনা দেব বলেছে, বই দেব বলেছে, বকেছে, ভয় দেখিয়েছে, কিন্তু সে আর নীচে নামেই না!

তখন মানিক মামা বলল, আচ্ছা থাকুক ও বসে আমি বাকিদের ততক্ষণ দেখে নিই ব্যথা যেই বাড়বে ঠিক নেমে আসবে

লক্ষ্মী তো খুবই লক্ষ্মী, দুবেলা দাঁত মাজে ওর দাঁত দেখে মানিকমামা বলল, ফাস্টো কেলাস সরস্বতীরও দাঁতও খাসা, কিচ্ছুটি নেই এমনকি কাত্তিকেরও দাঁতে গত্ত নেই, খালি একটু প্লেক হয়েছিল সে ঘষে সাফ করে দিতেই হয়ে গেল আর গণশার...” 

“গণশার তো হাতির দাঁত!”
 “হ্যাঁ হ্যাঁ, মানিকমামা বলল একে তো আমি দেখতে পারব না, আমার বন্ধু হাতির ডাক্তার, তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তার চেম্বারে নিয়ে যাবেন একে

তারপরও মঈশাসুর নামে আর না! তখন দুগগা মা খুব খেপে গিয়ে, ত্রিশূলটা নিয়ে দিয়েছে তার পিঠে এক খোঁচা, আর মঈশাসুর যেই আঁতকে উঠে লাফিয়ে পড়েছে অমনি মানিকমামা টপ করে তাকে লুফে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে আর দুগগামা দশ হাতে তার হাত পা সব চেপে ধরেছে, আর মানিকমামা দিয়েছে পটাং করে ইঞ্জেকশন দিয়ে

মঈশাসুর তখন যা চেঁচান চেঁচালো না! মানিকমামার তো কানে তালা লেগে গেল, আবার বাইরে গিয়ে চাবিওলার থেকে চাবি নিয়ে তালা খুলল তারপর এসে দুটো দাঁত তুলে দিল আর বাকি গত্ত বুঁজিয়ে দিল মঈশাসুরের তো তাপ্পর মুখ ফুলে ঢোল আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে বাড়ি এসে দুধে ভিজিয়ে পাউরুটি খেলো আর ঘুমিয়ে কাদা হয়ে গেলো

এরপর আমারও কানে তালা লেগে গেছিল কিন্তু কে চেঁচিয়েছিল সেটা আমায় বলতে বারণ করা হয়েছে তবে চুপি চুপি নাম না করে বলছি, সেও পরদিন ব্রেকফাশে দুধে ডুবিয়ে পাউরুটি খাবে বলেছিল, আর তার একটু পরেই ঘুমিয়ে কাদা হয়ে গেছিল

Saturday, 17 February 2018

মিঠিদিদি


  


“ও তিতির! অমন কিলবিল করিস কেন রে? ঘুম আসছে না?”

“উম্মম্মম্মম...গপ্পো বলো!”

“কিসের গপ্পো বলি বল? উটপাখি? আন্দামানের জারোয়ারা? নাকি সালোকসংশ্লেষের?”

মেয়ে নড়েচড়ে আরো ঘেঁষে আসে। পেটে কনুইয়ের খোঁচা খাই। কাতুকুতু লাগলে আরো বেশি করে জাপটে ধরা নিয়ম। তাতে আরো হাসি পায়, দুজনেরই। 

“তুমি না, বাচ্চা মাম্মার গল্প বলো। সেই যে টুম্পা ছাতে খেলা করছিল আর কাক এসে তার হাঁটু নিয়ে চলে গেল?”

“এই খবরদার তিতির, ও গল্প তুমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছ। আর আমি মোটেও অমন পচা গল্প বলব না, ওসব তুমি দাদুমণির কাছেই শোনো গে’!”

“আমার বেঁবির গপ্পো চ্চাঁই!”

“বেবি তিতিরের গল্প বলি, হ্যাঁ রে?”

মাথা নাড়ানোর চোটে চিবুকে মোক্ষম গুঁতো খাই। আমার আহত কাতরোক্তিতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ভদ্রমহিলা বলে বসেন, “ওসব তো আমিই বলতে পারি, তুমি আবার কী বলবে?”

এত গুল সহ্য হয় না আমার। “তোকে ছমাসে কেমন কোলে করে পায়চারি করে করে ঘুম পাড়াতুম আমি আর দিম্মা মিলে, সে গল্প তুই বলবি? বলতে পারবি? বাজে বকিস না!”

“হুঁ! ওই তো লম্বা বারান্দাটায় পায়চারি করতে করতে, এমনি এমনি করে দোলানো হত আর থামলেই তিতির পটাং করে চোখ খুলে জুলজুল করে তাকাত...”

রণে ভঙ্গ দিই। ব্যাটা দিম্মার কাছে সব গল্প শুনে মুখস্থ করে রেখেছে। আর কোন বেবির গল্প পাই ভাবতে ভাবতেই মনে পড়ে যায়...

জানি তো! আরেকজনের মজার কাণ্ডকারখানা। সে এখন ভারী লক্ষ্মী মেয়ে। কিন্তু মজাদার ছোটবেলার গল্প তো সবারই থাকে, এমনকী আট বছুরে খুকির-ও!

হাত পা সব দিয়ে সাপ্টে ধরে বলতে শুরু করি, “তোকে মিঠিদিদির গপ্পো বলি শোন। মনে আছে তো মিঠিদিদিকে?”

“হুঁউউউ! আমরা বাসের ছাতে চড়েছিলুম।“

ঠিক। ডিসেম্বরের ছুটিতে দুই কন্যার দেখা হয়েছিল সিটি সেন্টার টু তে, তারা খেলনা বাসের ছাতে চেপে চক্কর কাটছিল আর মিঠিদিদির বাবা, সোমনাথ তাদের পাহারা দিয়ে চক্কর কাটছিল, আর অর্পিতা আর আমি চুপি চুপি যত গোপন গল্প করে নিচ্ছিলুম সেই ফাঁকে!

“হ্যাঁ, তা শোন না, সেই মিঠিদিদি যখন খুদে ছিল...”

শুরুতেই পরম ব্যাঘাত। 

“মিঠিদিদি তো এখনও খুদে!”

“আরে ধ্যাৎ! মিঠিদিদি খুদে আর তুই ধেড়ে? তুইও খুদে তো...আচ্ছা বাপু নে, মিঠিদিদি যখন আরো খুদে, প্রায় বেবি ছিল তখনকার গল্প।“

“দুদুন খেত কোলে চেপে?”

“অ্যাইও! তুই গল্পটা বলতে দিবি, না বক্কেশ্বরীর মত বকবক করবি?”

মেয়ে ফিচিক ফিচিক হেসে চুপ করে।

“মিঠিদিদির মাম্মা না, মিঠিদিদির দিম্মার গোপালকে দেবে বলে একটা রুপোর থালা কিনেছে। পুঁচকে থালা। আর সারপ্রাইজ দেবে বলে মিঠিদিদিকে বলে দিয়েছে কাউক্কে যেন না বলে। কিন্তু মিঠিদিদির তো খুব বুদ্ধি, সে ঘাড় নাড়িয়ে তার মাম্মাকে বলে কি, ‘হয়নি, হয়নি, ফেল! গোপাল তো সব টের পায়, তুমি থালা কিনতেই ও জেনে ফেলেছে, তুমি আর ওকে সারপ্রাইজ দিতে পারবেই না!”

তিতির মজা পায়, তারপর ভেবেচিন্তে মন্তব্য করে, “আরে, কিন্তু সেই দিম্মা তো আর টের পায়নি! তাকে তো সারপ্রাইজ দেওয়া গেল, না? তুমি যেমন আমার পুতুলের জন্য চায়ের কাপ ডিশ কিনে এনে সারপ্রাইজ দাও তেমনি তো? বলো না মা, গোপাল-পুতুলের থালা পেয়ে সেই দিদুন কী বলেছিল? ইয়ে য়ে য়ে করে মিঠিদিদির মাম্মার কোলে উঠে গেছিল, আমি যেমন যাই?”

আমি স্বভাববশতঃ ব্যাপারটা কল্পনার চোখে দেখে ফেলি, ফেলে প্রবল মনের জোরে হাস্য সংবরণ করি। মেয়ে ততক্ষণে “আরেট্টা আরেট্টা” বায়না জুড়েছে।

“জানিস তো, মিঠিদিদি খুব ছোট্ট থেকে পড়তে পারে। (ওদিকে গম্ভীর গলার দাবি, আমিও পারি।) হ্যাঁ তুইও পারিস, কিন্তু শোন না। একটা শ্যাম্পু পাওয়া যায় বুঝলি, সেটার নামের বানান হ’ল বি-ই-ই-র...”

“বীর!”

আমার বীরাঙ্গনার সগর্ব উচ্চারণ। গল্পের শুরুটা মাঠে মারা যায় কারণ মিঠিও “বীর”ই পড়েছিল। যাকগে, পরেরটুকু বলি। 

“তারপর একদিন বাসে করে যাচ্ছে ওরা, আর একটা দোকানের সাইনবোর্ড দেখে মিঠিদিদির সারা বাস কাঁপিয়ে চীৎকার, ‘ঐ দেখো বাবার বীর শ্যাম্পুর দোকান’।”

“সবাই হাসল, মা?”

“হ্যাঁ তো। মজার না?”

“হুম। আচ্ছা মা, তুমি কোন শ্যাম্পু মাখো গো?”

অদূর ভবিষ্যতে গোলমাল আসন্ন টের পাই। ধাঁ করে পরের গল্পে ঢুকে পড়ি।

“মিঠিদিদি যখন প্রথম দুর্গাপুজো দেখে তখন তার বয়েস বছর দুই, বুঝলি। তোর মনে আছে তো, তোকেও একবার কলকাতা নিয়ে গেছিলুম দুর্গাপুজো দেখতে?”

“হুঁ, মঈশাসুর। মা, ও মা, মঈশাসুরের গল্প বলবে?”

“না এখন মঈশাসুরের গল্প বলতে পারব না। এখন মিঠিদিদির গল্প হচ্ছে। তা মিঠিদিদি শুনছে সবাই দুগগা মা বলছে...”

কান ফুটো হয়ে গেল। পাশের জন “দুগগা মাঈকি জ্য্য্যায়!” করে হাঁক পেড়েছে। 

“তো শুনে শুনে মিঠিদিদির মনে প্রশ্ন জেগেছে, দুর্গা কার মা? মিঠিদিদির মা তো বুঝিয়ে বলেছে...”

“লোক্‌খী সরসসসোতী কাত্তিক গণশা...”

“হ্যাঁ সে তো বটেই। মিঠিদিদির মা বলেছে, তারপর আরো সবার মা, এই চারদিকে যারা আছে, তোমার বাবা মা তুমি – সবার মা...তা মিঠিদিদি শুনে কী বলেছে জানিস? বলেছে, ‘আর সবার মা হচ্ছে ঠিক আছে, আমার মা নয় – আমার তো মা আছে!”

একটা কচি কচি হাত গলা জড়িয়ে ধরে। পরম পরিতৃপ্তির গলায় এক প্রাজ্ঞ বিজ্ঞ  অভিজ্ঞ ভদ্রমহিলা ছোট্ট মিঠিদিদির কথায় অনুমোদনের শীলমোহর লাগিয়ে দেন, “ঠিকই তো বলেছে! যাদের মা নেই, তাদের মা হোক দুর্গা মা। আমাদের তো নিজের মাম্মা আছেই!”

মিঠিদিদির মাম্মার কাছে এ গল্পটা শুনে প্রথমবার যেমন চোখের কোণ ভিজে গেছিল, আবার তেমন ভিজে ভিজে লাগে। ছোট্ট মানুষেরা, তোরা আছিস বলেই না আমার মত খুব সাধারণ মানুষরা দুর্গা-মা হয়ে ওঠার ম্যাজিকটা খুঁজে পেয়ে যায়!


Sunday, 5 November 2017

নভরাত্রি



হার্ডওয়্যারের দোকান। গ্রসারি। মনোহারী স্টোর। বাসন কোসনের দোকান। ফুল পেন্টুল। আদা।

না ভুল করে ফর্দ লিখতে বসে যাইনি। এত কিছু সেরে বিকেলে বাড়ি ঢুকছি, সিঁড়িতে একটা চলমান খুদে ঝড়ের সাথে মুখোমুখি গোঁত্তা।

কে আবার! আমার তিতিরপাখি। দাদুমণির সঙ্গে বৈকালিক ভ্রমণে বেরোচ্ছেন।

আমায় দেখে তার ঝড়ত্ব আরো বেড়ে গেল। দুড়দাড় করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ঘোষণা করছে শুনতে পেলুম,

"দ্যাখো দ্যাখো -আকার এসেছে। - আকার এসেছে গো! জয় মা! মা কি জ্যয়! আমার - আকার এসেছে গো দিম্মা..."

আবার কি ছিরির সম্বোধন আজ! আমার - আকার - আকার করে চেঁচাতে ইচ্ছে হল।

তা সম্বোধনের কিছুই হয়নি তখনো। রাত্রে বুকের মধ্যে গুটিসুটি হয়ে মেয়ের প্রশ্ন,
"
মাইয়া মানে কি গো?"
হুম। পাশে নভদুর্গার শেরাওয়ালী মায়ের প্যান্ডেলে গান বাজছে। নতুন নতুন শব্দ।
"
মাইয়া মানে মা।"
"
তাহলে আমি তোমায় মাইয়া বলে ডাকব আজ থেকে।"

খাইয়া...ছে!

"মাইয়া, মাইয়া!"
"
কি মা?"
"
আমি তো দুগগা মা? আমি তো শরণ্যা?"
"
হ্যাঁ মা, তুমি আমাদের ছোট্টপানা দুগগা।"
"
ওরা দুগগা মাইয়া কি জ্যায় বলছে। তুমি আমার জয় বলো?"
সোৎসাহে 'শরণ্যা কি জ্যয়' বলে রেহাই পাই।

তবে সাময়িক।

"মাইয়া, একটা আইডিয়া।"

খুব, খুব সন্দেহজনক। রাত দশটার আইডিয়ারা, সাতাত্তর শতাংশ ক্ষেত্রেই খুব গোলমেলে হয়।

"কি আইডিয়া আবার? কাল ইস্কুল যে রে!"

মায়ের হাহুতাশ ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি হাত পা নেড়ে ব্যাখ্যা করেন।

"আমরা চলো এখন দুজনে চেস্ট করি।"

কী করবো?!!!
হতভম্ব হয়ে চেয়ে থাকি।
তিনি অফিশিয়ালি দাবি পেশ করেন।

"লেট আস ডু চেস্ট নাউ।"
"
কী--???"
"
চেস্ট না চেস্ট না, চিস্ট। লেট আস ডু চিস্ট হোল নাইট।"

হতভম্বতর হয়ে পড়ি।
'
এত মূর্খ্ মাইয়া কে নিয়ে কি বা করা' ঢং তিতির বুঝিয়ে বলে, "কথা বলি! আমরা সারা রাত্তির গল্প করি হ্যাঁ?"

যাস্ট পারলুম না, ঘর দোর কাঁপিয়ে হো হো করে হেসে ফেললুম।

"ওরে মা রেতুই চ্যাট করবি বলছিস?"

আহা, আহা, কি মিষ্টি লজ্জা পাওয়া দুগগা মাইয়া গো!

"হ্যাঁ হ্যাঁ, চ্যাট! লেট আস ডু চ্যাট।"

"ওকে, লেট আস চ্যাট। অ্যাবাউট হোয়াট? ছোটবেলার গল্প শুনবি নাকি তোর?"

"ইয়েসসসসসসস!"

শোনার আগেই তার নিজের বলা শুরু।

"হোয়েন আই ওয়াজ বেবি, আই ইট মিল্ক, আই ইট বিস্কিট ইন মিল্ক, বিস্কিট ইন মিল্ক ইজ ব্লু ব্লু, দেন আই ইট।"

কি বাজে ইংলিশ শেখাচ্ছে রে তোর স্কুলে! ছ্যা, এই নাকি ইংলিশ মিডিয়াম!

মুখে বলি, "যখন ছোট্ট ছিলি, দুধে বিস্কুট ভিজিয়ে খেতিস, সে তো বুঝলুম। কিন্তু 'ব্লু ব্লু ' আবার কী?"

"বিস্কিট ইজ ব্লু ইন মিল্ক।"

ভেজা বিস্কুট বিচ্ছিরি বাদামী বা খয়েরী দেখতে হয়। সেটা নীল কেন হবে? মেয়েটা কি রংকানা হয়ে গেল!

নিজের বদলে তিতিরের মাথা চুলকে ফেলি ভুল করে। ব্লুয়ের কোন ক্লু পাইনা।

"আহহ, নরম হয়ে যায় না?"

"সফট?"

"এইয যাহ। হুঁ, সফট। নট ব্লু।"

বড় প্রতারিত বোধ করে চেয়ে থাকি। আমার সব শৈশবস্মৃতি- কি তুই রিপীট করবি?

সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনার সময় আমি তিতিরের চেয়েও অনেক ছোট। তবে পড়তে পারি, খুব ছোট থেকেই পড়ার নেশা আমার।বাপির পাশ থেকে ঝুঁকে আনন্দবাজারে ইয়াব্বড় হেডিং পড়েছিলুম, "বিমান ভেঙে সঞ্জয় গান্ধী উপোস।"

নিহত কে কেন উপোস পড়েছিলুম জিগিয়ে লাভ নেই, জানি না। সফট কেন ব্লু হয় তাও না।

তিতির কিন্তু পরের আইডিয়ায় চলে গেছে।

"এই যে -আকার বাজছে, এটা কি দুগগা মায়ের ঘুমপাড়ানি গান?"

"না রে, এটা ডান্ডিয়ার মিউজিক। গান না হলে নাচবে কেমন করে।"

"ডান্ডিয়া? নাচ?"

বুঝিয়ে বলি।

পাঁই করে তক্ষুণি দিম্মার ঘরের জানলায় চলে যায় নাচ দেখতে। খানিক পরই অবশ্য দাদুমণি বকুনি দিয়ে শুতে পাঠান, কিন্তু উল্লাসে তো মেয়ে দু পায়ে দাঁড়াতেই পারছে না, শোবে কি?

তাপ্পর চুপি চুপি মা-মেয়ে মুণ্ডুতে মুণ্ডু ঠেকিয়ে প্ল্যান হয় কাল না, খেয়েদেয়ে না, দুজনে মিলে না, হুঁ হুঁ...হি হি...হুঁ হুঁ হুঁ!
খালি দিম্মাকে দিয়ে এক জোড়া ডাণ্ডা কিনিয়ে নিতে হবে বিকেলে। ওটা হয়ে যাবে বললেই।
হুঁ হুঁ হি হি হুঁ হুঁ....

না মশাই। অত লোভীর মত বসে লাভ নেই, এসব আমাদের গোপন কথা, সেই পদীপিসির নিমাই খুড়োর বাক্সের কাগজপত্তরের মত ঘোর পেরাইভেট জিনিস। মোট্টে বলব না।

এমনকি, আমরা যে তারপর আধা-অন্ধকার ঘরে দুজনে দুটো চিরুণী হাতে নিয়ে মিনিট দশেক কিছু একটা "প্যাকটিশ" করেছি, তাও আপনাদের বলছি না।