Thursday, 9 August 2018

মঈশাসুর-২

শোয়ামাত্র উঠে পড়তে হয়, সেই হাওয়া ভরা নাকে ঘুঁষি মারা পুতুলগুলোর মত। একটি সৌম্যদর্শন হলুদ খরগোশ হাতে গাজর নিয়ে শুয়ে আছেন আমার বালিশে। খরগোশ সরিয়ে, বালিশ সরিয়ে, মেয়ের হাত সরিয়ে, শুতেই কানের কাছে বায়না।

"মঈশাসুর বলো!"

রোজ রাত্তিরে নতুন নতুন মইশাসুরের গল্প পাই কই বলুন দিকি। না বললে, ঘুমোতেও দেবে না। অগত্যা, যা আসে মাথায়...

“মঈশাসুরের না, কদিন ধরে দাঁতে ব্যথা। এঁ এঁ করে কান্নাকাটি করছে। দুগগামা তখন ঠিক করল দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।   

কোথায় যাবে? না সুশ্রুত ডাক্তারের চেম্বারে যাবে।“

"অ্যাঁ মা? কী বলছ? 'সুড়সুড়ি-তো' মানে?"

“না রে, সুশ্রুত। ওটা তোর মানিকমামার ভালো নাম।“

“সুশ-শুরু-তো? ইশ কী ভালো ভালোনাম। তুমি কেন এটা আমার নাম রাখোনি?

এই খেয়েছে।
“তা কেনশরণ্যাও তো কত সুন্দর...”

“না, আমি আজ থেকে সুশ্রুত হব। তুমি আমার নাম পালটে দাও।“    

সব্বোনাশ করেছে।
“ওরে ওটা ছেলেদের নাম হয়।  বয়। তুই তো গার্ল।“

কিছুক্ষণ চুপ করে থেকে মেনে নিল। গদাম করে পেটে পা তুলে দিয়ে বলল, তাপ্পর বলো।

“হ্যাঁ তো মানিকমামার কাছে যাওয়া যখন হবেই (ভয়ে আর ভাল নাম উচ্চারণ করি না), দুগগামা সবাইকেই নিয়ে চলল।“

“লক্ষী সয়োস্বোতী কাত্তিক গণেশ?

“হ্যাঁ রে সব্বাইকে সবার দাঁত দেখিয়ে আসবে চাই কি নিজেরটাও, আচ্ছা না থাকতো গেছে বুঝলি মানিকমামার চেম্বার হয়ে গেছে তখন ইয়া বড় সাদা কোট পরে ভারভারিক্কি মানিকমামা রুগী দেখছে এরা তো ঢুকে বসেছে আর মঈশাসুর দাঁতের ব্যথায় দুগগামার আঁচল এক হাতে চেপে ধরে মাটিতে গড়াগড়ি পুরো
তখন মানিকমামা বলছে, ওকেই আগে নিয়ে এসো দেখি

দুগগামা তো মঈশাসুরের কান ধরে উঠিয়ে নিয়ে গিয়ে রুগীর চেয়ারে বসিয়ে দিয়েছে মঈশাসুর জল কুলকুচি করেছে মানিকমামার কথামত হাঁ -ও করেছে

এ বাবা!! এর তো আদ্ধেক দাঁত পচে গেছে রে! নিশ্চয় খালি চটচটে চকলেট বুড়ির চুল চিনি এসব খায়!! নাহ, এর তো দাঁত তুলতে হবে, গর্ত ফিলিং করতে হবে অনেক কাজ!’

এই না বলে মানিকমামা যেই না ইঞ্জেকশন দিতে গেছে...”

“ইঞ্জেকশন!!!”

“ওমা নইলে দাঁত তুললে লাগবে না? আগে তো ইঞ্জেকশন  দিয়ে অসাড় করে নিতে হয় যাতে ব্যথা না লাগে

“বেশ হয়েছে! তাপ্পর মাম্মা?   

“তাপ্পর আর বলিস না, যেই না মানিকমামা ইঞ্জেকশন বাগিয়ে এসেছে, মঈশাসুর গাঁক করে চেঁচিয়ে হাত পা ছুঁড়ে লাফিয়ে সোজা পাশের আলমারির মাথায় চড়ে বসেছে! আর সে আলমারি এত উঁচু, কারো হাত যাচ্ছে না

দুগগা মা, মানিকমামা অনেক সেধেছে , খেলনা দেব বলেছে, বই দেব বলেছে, বকেছে, ভয় দেখিয়েছে, কিন্তু সে আর নীচে নামেই না!

তখন মানিক মামা বলল, আচ্ছা থাকুক ও বসে আমি বাকিদের ততক্ষণ দেখে নিই ব্যথা যেই বাড়বে ঠিক নেমে আসবে

লক্ষ্মী তো খুবই লক্ষ্মী, দুবেলা দাঁত মাজে ওর দাঁত দেখে মানিকমামা বলল, ফাস্টো কেলাস সরস্বতীরও দাঁতও খাসা, কিচ্ছুটি নেই এমনকি কাত্তিকেরও দাঁতে গত্ত নেই, খালি একটু প্লেক হয়েছিল সে ঘষে সাফ করে দিতেই হয়ে গেল আর গণশার...” 

“গণশার তো হাতির দাঁত!”
 “হ্যাঁ হ্যাঁ, মানিকমামা বলল একে তো আমি দেখতে পারব না, আমার বন্ধু হাতির ডাক্তার, তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তার চেম্বারে নিয়ে যাবেন একে

তারপরও মঈশাসুর নামে আর না! তখন দুগগা মা খুব খেপে গিয়ে, ত্রিশূলটা নিয়ে দিয়েছে তার পিঠে এক খোঁচা, আর মঈশাসুর যেই আঁতকে উঠে লাফিয়ে পড়েছে অমনি মানিকমামা টপ করে তাকে লুফে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে আর দুগগামা দশ হাতে তার হাত পা সব চেপে ধরেছে, আর মানিকমামা দিয়েছে পটাং করে ইঞ্জেকশন দিয়ে

মঈশাসুর তখন যা চেঁচান চেঁচালো না! মানিকমামার তো কানে তালা লেগে গেল, আবার বাইরে গিয়ে চাবিওলার থেকে চাবি নিয়ে তালা খুলল তারপর এসে দুটো দাঁত তুলে দিল আর বাকি গত্ত বুঁজিয়ে দিল মঈশাসুরের তো তাপ্পর মুখ ফুলে ঢোল আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে বাড়ি এসে দুধে ভিজিয়ে পাউরুটি খেলো আর ঘুমিয়ে কাদা হয়ে গেলো

এরপর আমারও কানে তালা লেগে গেছিল কিন্তু কে চেঁচিয়েছিল সেটা আমায় বলতে বারণ করা হয়েছে তবে চুপি চুপি নাম না করে বলছি, সেও পরদিন ব্রেকফাশে দুধে ডুবিয়ে পাউরুটি খাবে বলেছিল, আর তার একটু পরেই ঘুমিয়ে কাদা হয়ে গেছিল

Tuesday, 24 July 2018

গপ্পোগাছা




ইনি হচ্ছেন আমার কন্যা, দাদুমণি-দিম্মার নান্নি। তাঁদের দুজনের ছোটবেলা আমি উঁকি মেরে দেখতে যাইনি বটে, তবে এটুকু মনে আছে আমি জ্ঞান হবার আগে থেকে তাঁদের মুখে গল্প শুনছি, আর নিজে প্রথম গল্প বানিয়েছিলুম বছর তিনেক বয়েসে। চিত্রসহযোগে।
“কোথাও কেউ নেই, চারিদিকে জঙ্গল, তার মধ্যে একটা মাছ।“
আর প্রথম গল্প ‘লিখেছিলুম’ এই তিতিরের এখনকার চেয়েও ছোট বয়েসে। ক্লাস ওয়ানে সম্ভবত। সেটা বলব নাকি? বলব?
“এক রাজা ছিল, তার নাম চম্পা। আর তার মন্ত্রী ছিল, তার নাম ছিল রামমোহন দাস। একদিন রাজা আর মন্ত্রী সভায় বসে পরামর্শ করছে, এমন সময়ে দাসী এসে বলল, রানীমা বলেছেন লাল শাড়ি নেব, নীল শাড়ি নেব, হলুদ শাড়ি নেব, গোলাপী শাড়ি নেব, বেগুনী শাড়ি নেব না।
তাই শুনে রাজা বললেন, রানীরা অমন বলেই থাকে!”
এতটা ভয়ানক ভবিষ্যদর্শী নাহোক, তিতিরও মুড হলেই গল্প বানায়। তবে নীচেরটা, তার মুখে শুনলেও, তার গল্প নয়। তিনি নাকি “হুবহু” এটা স্বপ্ন দেখেছেন।
---
আমি সাইকেল চালাতে চালাতে একটা বিল্ডিং দেখলুম। আমি যেমন বিল্ডিং ব্লক্স দিয়ে বানাই।
সেটাতে দাদুর হাত ধরে ঢুকে দেখি মুরগীর ঘর। মুরগীরা লাইন দিয়ে রাশি রাশি ডিম পেড়ে রেখেছে।
এরপর উঠতে উঠতে দেখলুম একটা স্পাইডার। ইয়াব্বড় নেট বানিয়েছে। আমি না, লাফিয়ে সেটা পেরিয়ে গেলুম। কিন্তু দাদু লাফাতে পারছিল না তাই আবার ফিরে এলুম।
এরপরের তলায় উঠে দেখি একটাও জানলা নেই। দম কোথা থেকে নেবে! দাদু বলল পাখা আছে তা বলে।
এরপর আরো উপরে, শূন্য,ছাত নেই। বাড়ি শেষ হয়নি।
তারপর না, পা ফস্কে গ্রাউন্ডে পড়ে গেলুম। অ্যালিসের মত। কিন্তু সেখানে এত এত পিল্লো রাখা ছিল, তাই আমার একটুও লাগল না।
এরপর ‘হঁঃ’ করে উঠে বসে দেখলুম নিজের বিছানায়ই আছি। তখন বুঝলুম স্বপ্ন দেখছিলুম।

----


পুনশ্চ – এইটে লেখার সময় একজন আমার টেবিলে এসে বসলেন, দুধের গ্লাস নিয়ে, উচ্চকিত গলায় গান গাইতে গাইতে।
ভাষাটা বুঝলাম না। জিগালুম। বললেন, “আমি ‘মারাঠী’ গান গাইছি।”
মারাঠী ভাষাটা যে একেবারে জানি না তা না। কিছুই বুঝতে পারছি না দেখে চিন্তিত হয়ে পড়লুম। বহুকাল অনভ্যাসে ভুলে যাচ্ছি মনে হয়। থাক, এ যখন পড়বে তখন আমিও ঝালিয়ে নেব আবার নাহয়।
বুঝতে পারছি না বুঝে, তিনি আমায় বেশ কিছু শব্দের মানেও বলে দিলেন। একটাও আগে শুনিনি। কথ্য শব্দ হয়তো।
“কে শিখিয়েছে রে তোকে? শচীন? না সরিতা?”
তিনি ততক্ষণে দুধ শেষ করে ফেলেছেন। উঠে, গ্লাসটা বেসিনে রাখতে যাবার আগে বলে গেলেন,
“না, ওদের তো আমিই শেখাই।”
ধাঁধা লেগে বসে আছি, দরজার কাছে থেকে তাঁর আরো ব্যাখ্যা,
“মাম্মা, ওদেরকেও না, মানে বলে বলে দিতে হয়। গানগুলো আমি নিজে নিজে বানাই কিনা...”


Monday, 21 May 2018

মিষ্টু



একটা না, ভারী মিষ্টি মেয়ে ছিল তার নাম ছিল মিষ্টু

তার মিষ্টি মুখে মিষ্টি হাসি ছিলো, মাথায় কোঁকড় কোঁকড় চুল ছিলো এক থোপা, চশমার আড়ালে ঝকঝকে দুটো খুশি-খুশি চোখও ছিল

আর ছিলো এই এত্তখানি রাগ গাল ফুলোনো, নাক দিয়ে ধোঁওয়া, কান দিয়ে আগুন বেরোনোর মত এক্কেবারে ফ্রেশ, চনমনে রাগ সে রাগের সামনে তার মা বেচারী কাঁচুমাচু, আর টুপমাসি পার্মানেন্ট আড়ি খেয়ে কুপোকাৎ!

কেন? ওমা, রাগ হবে না! তার টুপমাসি যে বেহদ্দ জেলিফিশ! তাকে গল্প লিখবে প্রমিস করে বেমালুম ভুলে তো গেছেই, আবার বলছে নাকি কী কী হয়েছিল সেদিন সেটাও ভুলে মেরে দিয়েছে! এরকম বেয়াক্কেলে মাসিমণিকে নিয়ে কী করা যায় তোমরাই বলো! মিষ্টু কি যে সে নাকি, মিষ্টু হল তিতিরপাখির গল্পের সবচেয়ে ছোট পাঠক যে কিনা আবার কমেন্টও করে! আর প্রমিস ইজ প্রমিস! যারা প্রমিস করে এরকম ভুলে যায় তাদের নাকে যেন বারোমেসে সর্দি হয়!

তো সেদিন কী হয়েছিল জানো?

সেদিন মিষ্টু না, তার মায়ের সঙ্গে গেছিল তিতিরপাখির সঙ্গে দেখা করতে দুখানা কাছাকাছি সাইজের টর্ণেডো একসাথে ছেড়ে দিয়ে দেখেছো কী হয়? মিষ্টুর মা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছে তার এমনিতে লক্ষ্মী শান্ত বুঝদার কন্যা, যোগ্য চ্যালার হাতে পড়লে মা কী ছিলেন আর মা কী হইয়াছেন গোছের ব্যাপারস্যাপার হয়ে যেতে পারে

প্রথমে ডল হাউস নেমে পড়ল এইটে তিতিরের মা সদ্য তিতিরকে কিনে দিয়েছে, তাই এখনো মোটের ওপর আস্ত আছে ব্যাপারটা খানিক পরেই দেখা গেলো, অ্যালিস যেমন সেই চাবির ফুটো দিয়ে একচোখে উঁকি মারছিল, এরা দুটোতে সেরকম মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ে, ডলহাউসের ফার্নিচার সেট করছে না বাপু, কমোডটা কে বসিয়েছে আমি দেখতে যাইনি – যেই হোক সে যে তারপর হাত ধোয়নি এটা নিয্যশ বলতে পারি

তারপর, প্লে ডো বের হ এটা মিষ্টু নিয়ে এসেছিল বোনুর জন্য কত রকম রং! তা দিয়ে একটা ইয়া লম্বা সারা ঘর পাক খেয়ে খেয়ে বানানো ল্যাজ তৈরী হ না মোটেই আমার নয় ও নির্ঘাৎ মিষ্টুর মায়ের হবে, সেই মাঝখানে থেবড়ে বসে ছিল কিনা!

তারপর কত কিছু যে বানানো চলল প্লে ডো দিয়ে! হাঁস, শজারু, ত্যারাব্যাঁকা কুমির, প্রজাপতি, হ্যান ত্যান প্যান তার কিছু কিছু মিষ্টুর মায়ের মুখে আটকে আটকে তাকে সাজগোজকরানোও হ তারপর বড়রা একটু নিজ নিজ কাজে মনোনিবেশ করেছে, ওমা হঠাৎ হুলুস্থূলু!

আমার ডাক কই গেলো!”

তিতির হলুদ প্লে ডো দিয়ে হাঁসের ছানা বানিয়েছিল সে আপন খেয়ালে কখন কোথায় ভেসে গেছে কিন্তু তা বললে কি আর সে শোনে! বালিশ সরিয়ে, খাটের নীচে উঁকি মেরে, মিষ্টুর বগলে - কোথাও খুঁজে না পেয়ে সে মিষ্টুর মা বেচারীকে খপ করে ধরল,

তুমি আমার ডাক এর ওপর বসে পড়েছো!”

বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার পাৎলুনের তলায় হাত দিয়ে উত্তোলন প্রচেষ্টা শুরু করে দিল তাও আবার এক হাতে!

তা, মিষ্টূর মা কিনা আড়েবহরে তিতিরের মাম্মার চেয়ে সামান্যই কম, আর তিতিরও গোবর গণেশ, ভীম ভবানী এসব কিছু তো নয় তাই হাজার টানাটানি করেও পাৎলুনের একটা অংশ ছাড়া কিছুই তোলা গেলো না বিরসবদনে তিতির তখন আন্টির ওড়নাটা খুলে নিয়ে মন দিয়ে একটা পাগগিবানাতে বসে গেলো

তারপর আরো কত কিছু যে হল সে আমরা বড়োরা ভুলে মেরে দিয়েছি মানে ঘরের মধ্যে অত তাঝঝিম মাঝঝিম চললে কি আর মনে রাখা যায়! খালি মনে পড়ছে মিষ্টু একবার তিতিরকে পিঠে ঘোড়া হয়ে বসতে বলেছিল বলামাত্র তিতির যে হালুম করে লাফিয়ে বসে পড়বে সেটা বোধহয় সে ভাবেনি খানিক পরে খুব মিহি গলায় দেখি বলছে, “যা ভেবেছিলুম, এ যে তার চেয়ে বেশি ভারি!”

তারপর আরো আরো আরো খেলা হ আলুচ্চপ খাওয়া হ, যদিও কলকাতার আলুচ্চপ নাকি বোম্বের চেয়ে বাজে (হে ঈশ্বর, কোনদিন বলবে বড়াপ্পাও পৃথিবীর  সেরা খাবার!) আরো কী কী সব গোপন গল্প হল দুজনের সেসব আবার আমাদের মানে বড়োদের শুনতে মানা না শুনে কী করে গল্প লিখব জিগ্যেস করব ভেবেছিলুম, কিন্তু কেউই কিনা আমাদের পাত্তা দিচ্ছিল না তাই আমরাও ওদের পাত্তা দিইনি

যাবার সময়ে বেশ একটু মন খারাপ হচ্ছিল দু পক্ষেরই বেশ কান্নাকাটি করার মত মন খারাপ

কিন্তু সবচেয়ে বিপত্তি হয়েছিল মিষ্টুর মায়ের দুই কন্যার আবদারে, তাকে ঐ পাগগিটা মাথায় দিয়েই সারা পাড়ার চোখের সামনে বাড়ি থেকে বেরোতে হয়েছিল কিনা!




Sunday, 29 April 2018

মিষ্টি

 
মা?”
বলো
আমার একটু শোওয়া পাচ্ছে, পাশে এসে শোও তো
এটা অতি উত্তম প্রস্তাব বলতে কী , অনেকক্ষণ টানা কাজ করেছি ল্যাপটপে, ঘাড় টনটনাচ্ছে আমারও খানিকক্ষণ ধরে একটু শোওয়া পাচ্ছিল বইকি!
খানিকটা কিলবিল করার পর দুজনে বেশ খাপে খাপে ফিট করে গেলুম কচি পা কোমরে, কচি হাত গলায়
নাকে নাকে যুদ্ধ করতে করতে মনে পড়ল, “এই তিতির! তোর কাল যে একটা নতুন নাম হয়েছে, বলেছিস দিম্মাকে?
“কী নাম, মাম্মা?
“কাল যে আন্টির বাড়ি গেলুম আমরা? সেখানের ঠাম্মা কী বলে ডাকছিল, মনে নেই?
মনে পড়তেই একগাল হাসি ফুটে ওঠে মেয়ের মুখে আহা, বড় আনন্দ করে এসেছে তো!
“অ দিম্মা! আমার নতুন নাম হয়েছে জানো?
“কী রে?
“পিংখাড়ু!”
হালকা পাতলা মেয়ে আমার ঠিক আমার নিজের ছোটবেলার মত এদিকে এনার্জির বাণ্ডিল, সারাক্ষণ লাফাচ্ছে ডাক্তারেরা চিরকাল একবাক্যে চমৎকার ফিট আর হেলদি সার্টিফিকেট দিয়ে এসেছে কিন্তু দেখতে টিংটিঙে তো বটেই
ভারী মজা পান মহিলা তিতিরের কাণ্ডকারখানা দেখলে সেই স্নেহের বহিঃপ্রকাশ ঐ নতুন নামে
এদিকে তিতির মানে বোঝেনি আমায় জিজ্ঞেস করল, এটা কি পিংক সংক্রান্ত কিছু?
বললুম, “না রে, তুই খুব মিষ্টি তো, তাই একটা মিষ্টি পুরোনো বাংলা শব্দ ব্যবহার করে তোর নাম দিয়েছে ঠাম্মা
উত্তরটা শুনে সটাং উঠে বসতে বাধ্য হলুম
“আমায় এত মিষ্টি বানিও না তো, পিঁপড়ে লেগে যাবে!
সিরিয়াসলি বলেছে! একেক সময়ে হাসি চেপে রাখা যে কী কঠিন!
একটু ঠাট্টা করতে ইচ্ছে করে
“যা! আর আমি যে এত মিষ্টি! আমায় তো পিঁপড়েরা খেয়েই ফেলবে! কী হবে?
“তুমি মিষ্টি নও
হ্যাঁ রে, এরকম করে মুখের ওপর বলতে হয়! তোর কি প্রাণে মায়া দয়াও নেই র‍্যা!
আমার ম্লান মুখ দেখে তার একটু দুক্ষু হয় বোধহয় তড়িঘড়ি ব্যাখ্যা দেয়,
“তুমি মিষ্টি নও তো! তুমি হচ্ছএঁটেস্টি...এঁ...আলুর চপ!
ঈইক্‌!!!!!
“হুঁ তুমি বড়সড় আলুর চপ, আমি পুঁচকে
জীবন আমায় যে রেটে ভাজা ভাজা করছে, তাতে চপ হতেই পারি কিন্তু এসব বললে খিদে খিদে পেয়ে যায় যে আবার!
রান্নাঘরের যথোচিত সন্ধানকার্য চালিয়ে, তিতিরের দিম্মার স্টক কিঞ্চিৎ সাবড়ে দিয়ে এসে নিজের কাজে বসেছি টেবিলে, তিনি আবার এসে হাজির
“মাম্মা আমি এখন কী করব?
“পড়া হয়েছে সকালে?
“হুঁউউউউ! একটা নতুন বইয়ের দু পাতা বুঝলে, টু পেজেস নিজে নিজে রিডীং পড়েছি
“নিজে নিজে, আচ্ছা? আমি যে শুনলুম দিম্মা বলে বলে দিচ্ছে?
“আহহহ, বড় বড় নতুন সব ওয়ার্ড ছিল তো! গলত হচ্ছিল
“তিতির! আবার অমন করছ! গলত হচ্ছিল না, ভুল হচ্ছিল বাংলা বললে পুরো বাংলা বলবে, হিন্দি বললে শুদ্ধ হিন্দি
“হুঁ, ইয়ে, ভুল হো রহা থা
অসম্ভব বিচ্ছু হাসি হাসতে পারে পাজিটা! তবে পেটে কাতুকুতু দিলে সব পেজোমি জব্দ হয়ে যায়
“ইংলিশ পড়েছিস তো? আয় তাহলে আমার পাশে চেয়ার টেনে বোস, অঙ্ক করাই
অমনি দুচোখ কেমন স্বপ্নাচ্ছন্ন হয়ে ওঠে, অদৃশ্য একটা ডানা পিঠে গজাচ্ছে দেখতে পাই পষ্ট, আর বহুদূরের মন কেমনের গলায় ভেসে আসে,
“মাম্মা, বলছি কি, তুমি তো কাজ করছ, আমি পাশে বসলে তোমার ডিস্টাব্‌ হবে , আমি বরং একটু ফ্রী টাইম নিই এখন
বলেই, দুটো ভারী উদবিগ্ন চোখ আমার দিকে তাকায়আমার মুখে লুকোতে না পারা হাসির চিলতে বেরিয়ে পড়েছে দেখামাত্রইয়ে এ এ এ একরে ডানা মেলে তিতিরপরী উড়ে যায় তার খেলনার সাম্রাজ্যে
দরজার কাছ থেকে বাণী দিয়ে যায়“আমি তো ছোট বাচ্চা! বাচ্চাদের একটু খেলতেও তো দিতে হয়, বলো!
সে চলে যাবার পর আরেকটু কাজ করছিলুম মনের মধ্যে গুজগুজ করতে লাগল তার বাণী শেষে রণে ভঙ্গ দিয়ে গুটি গুটি গিয়ে বসেই পড়লুম হাঁটু মুড়ে বুঝলেন, পেঙ্গুইন আর হিপ্পো বাজার করতে যাচ্ছে তখন এদিকে, ওদিকে পুলিশ আঙ্কলদের বাড়ি আধখানা তৈরি হয়ে পড়ে আছে, তিতির তার মধ্যে উবু হয়ে বসে একটা লাট্টুর গতিপ্রকৃতি নির্ণয় করতে ব্যস্ত
কটা ব্লক খুঁজেপেতে জোগাড় করে আধখ্যাঁচড়া বাড়িটা শেষ করতে লেগে গেলুম
নাহয় মিষ্টি নই, তাই বলে কি বাচ্চাও নই একেবারে? আমাকেও তো একটু খেলতে দিতে হয় তাহলে, বলো!